‘শিক্ষার আলো ছড়িয়ে দেব, মেধার বিকাশ ঘটাব, নৈতিক প্রজন্ম গড়ে তুলব’—এই প্রত্যয় নিয়ে গাইবান্ধার সুন্দরগঞ্জে আত্মপ্রকাশ করেছে ‘সুন্দরগঞ্জ শিক্ষা উন্নয়ন পরিষদ’। এতে বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক সোসাইটির চেয়ারম্যান এম শরিফুল ইসলামকে সভাপতি ও শিবরাম স্মৃতি প্রি-ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজ, রংপুরের প্রতিষ্ঠাতা পরিচালক মো. মিজানুর রহমান মিজানকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
শনিবার রাতে সুন্দরগঞ্জ উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভাপতিত্ব করেন বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক সোসাইটির চেয়ারম্যান এম শরিফুল ইসলাম।
বক্তব্য দেন শিবরাম স্মৃতি প্রি-ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজ, রংপুরের প্রতিষ্ঠাতা পরিচালক মো. মিজানুর রহমান মিজান, সিনিয়র সাংবাদিক মো. শাহজাহান মিঞা, উপজেলা এবি পার্টির আহ্বায়ক মো. তাজুল ইসলাম, সুন্দরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. জাহিদুল ইসলাম জাহিদ, সাধারণ সম্পাদক মো. খিজির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সুদীপ্ত শামীম ও হাফেজ মাওলানা মুহিব্বুল্লাহ মোত্তালিবসহ অনেকে।
আলোচনা সভা শেষে সুন্দরগঞ্জ শিক্ষা উন্নয়ন পরিষদের ৩১ সদস্যের কমিটি গঠন করা হয়।
সভায় বক্তারা বলেন, সুন্দরগঞ্জের মেধাবী শিক্ষার্থী, নিবেদিতপ্রাণ শিক্ষক ও শিক্ষানুরাগীদের একটি প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ করে শিক্ষার মানোন্নয়ন, মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের সহযোগিতা, শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে কাজ করবে পরিষদ।
বক্তারা বলেন, ‘একজন ভালো শিক্ষক একটি প্রজন্মকে পরিবর্তন করতে পারেন, আর একটি শিক্ষিত প্রজন্ম একটি সমাজকে পরিবর্তন করতে পারে।’ সুন্দরগঞ্জকে শিক্ষা ও জ্ঞানের আলোয় আরও সমৃদ্ধ করতে দল-মত ও ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা।
জাহিদ, স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 





















