গাইবান্ধা সদর উপজেলার শিবপুর গ্রামে স্বামীর অনুপস্থিতির সুযোগে এক গৃহবধূকে ধর্ষণচেষ্টা ও পরে মারধরের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি মিজানুর রহমান শেখকে (২৭) নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করেছে র্যাব।
রোববার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মিজানুর রহমান শেখ গাইবান্ধা সদর উপজেলার শিবপুর গ্রামের আব্দুস ছামাদ শেখের ছেলে।
সোমবার (৭ সেপ্টেম্বর) র্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গাইবান্ধা সদর থানার শিবপুর গ্রামের ওই গৃহবধূর স্বামী গত ৬ আগস্ট সকাল ১১টার দিকে বাজারে যাওয়ার জন্য বাড়ির বাইরে বের হন। এ সময় স্বামীর অনুপস্থিতির সুযোগে মিজানুর রহমান শেখ ওই গৃহবধূর ঘরে প্রবেশ করেন বলে মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে।
এজাহারের বরাত দিয়ে র্যাব জানায়, ঘরে ঢুকে মিজানুর রহমান ওই নারীর মুখ চেপে ধরে এবং পরনের কাপড় খুলে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন। এ সময় ভুক্তভোগীর চিৎকার শুনে স্থানীয় সাক্ষীরা ঘটনাস্থলে গিয়ে তাকে এবং মিজানুর রহমানকে আটক করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, ঘটনার কিছুক্ষণ পর সকাল সাড়ে ১১টার দিকে মামলার অপর আসামিরা পরস্পর যোগসাজশে ওই গৃহবধূকে চরিত্রহীন ও লম্পট বলে অপবাদ দেন। একপর্যায়ে তাকে হত্যার উদ্দেশ্যে মারধর করা হয় এবং শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম করা হয় বলে মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে আদালতে অভিযোগ দায়ের করেন। পরে গত ১৮ আগস্ট গাইবান্ধা সদর থানায় ধর্ষণচেষ্টা ও ধর্ষণের অভিযোগে মামলা করা হয়। মামলার পর থেকেই প্রধান আসামি মিজানুর রহমান শেখ আত্মগোপনে ছিলেন বলে র্যাব জানায়।
মামলাটির গুরুত্ব বিবেচনায় তাকে গ্রেফতারে র্যাব-১৩ গোয়েন্দা নজরদারি শুরু করে। পরে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-১৩-এর সিপিসি-৩ গাইবান্ধা ক্যাম্প ও র্যাব-১১-এর সিপিএসসি নারায়ণগঞ্জের যৌথ আভিযানিক দল ফতুল্লা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
র্যাব-১৩ ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন, গ্রেফতারের পর আসামি মিজানুর রহমান শেখকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। হত্যা, অপহরণ, ধর্ষণসহ গুরুতর অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।
নিজস্ব প্রতিবেদক 























