তরুণদের মাঠমুখী করা এবং মাদকসহ বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখার বার্তা নিয়ে গাইবান্ধার সাদুল্লাপুরের কৃষ্ণপুরে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আসলাম আকন্দ।
উদ্বোধনী অনুষ্ঠানে আসলাম আকন্দ বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা তরুণদের শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি ও পারস্পরিক সম্প্রীতি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়মিত খেলাধুলার সুযোগ তৈরি হলে তরুণদের মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখা সম্ভব।
উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় আমবাগান স্পোর্টিং ক্লাব ও রাঘবৃন্দপুর স্পোর্টিং ক্লাব। ম্যাচ পরিচালনা করেন সাবেক সেনাসদস্য জিয়াউর রহমান। ধারাভাষ্য দেন মনজুর মণ্ডল ও শাহ আলম মিয়া।
খেলা দেখতে মাঠে বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতি দেখা যায়। এ সময় পুরো মাঠজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।
আয়োজকেরা জানান, টুর্নামেন্টের অন্যান্য ম্যাচ পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে। নির্ধারিত সময়ের মধ্যে ফাইনাল ম্যাচ আয়োজনের মাধ্যমে টুর্নামেন্ট শেষ হবে।
নিজস্ব প্রতিবেদক 






















