মো. শাহজাহান সাজু: শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে লালমনিরহাটের ৪৭১টি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নিয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ (এসআরবি-১৩)। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় সদস্য মোতায়েনের পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।
বুধবার দুপুরে লালমনিরহাট গোশালা সোসাইটি মন্দির প্রাঙ্গণে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান এসআরবি-১৩-এর সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, আগামী ১৬ অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। ২১ অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হবে পাঁচ দিনের এ উৎসব। পূজা নির্বিঘ্ন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপন নিশ্চিত করতে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।
লালমনিরহাটের ৪৭১টি পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্ট প্রশাসন, অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও পূজা উদ্যাপন কমিটির সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করবেন এসআরবি সদস্যরা।
ব্রিফিংয়ে আরও জানানো হয়, পূজাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং নাশকতা ও অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে বিশেষ নজরদারি চালানো হচ্ছে। আগামী ২২ অক্টোবর পর্যন্ত নিরাপত্তা কার্যক্রম জোরদার থাকবে। এ সময় সাদাপোশাকেও গোয়েন্দা নজরদারি চালানোর পাশাপাশি নিয়মিত টহল অব্যাহত থাকবে।
এ ছাড়া এসআরবি-১৩-এর রংপুর কন্ট্রোল রুমের মাধ্যমে স্থানীয় পূজা উদ্যাপন কমিটি, জনপ্রতিনিধি ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ ও সমন্বয় রাখা হবে। কোথাও অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হলে দ্রুত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতিও রয়েছে।
কোনো ব্যক্তি বা গোষ্ঠী পূজামণ্ডপে হামলা, ভাঙচুর, পূজার সামগ্রী চুরি বা ডাকাতিসহ কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটালে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে প্রেস ব্রিফিংয়ে জানানো হয়।
মোঃ শাহজাহান সাজু. করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, লালমনিরহাট 

















