দিনাজপুরের চিরিরবন্দরে উপজেলা কৃষকলীগের সভাপতির বিরুদ্ধে ৬০ শতাংশ জমি জোরপূর্বক দখল করার অভিযোগে থানায় অভিযোগ দায়ের হয়েছে। উপজেলার বাসুদেবপুর মৌজার আফরোজা বেগম বাদি হয়ে থানায় অভিযোগটি দায়ের করেছেন।
অভিযোগ সুত্রে জানা গেছে, উপজেলার বাসুদেবপুর মৌজার জেএল নং-৫২, খতিয়ান নং-৬১৮, দাগ নং- ২৩৯ এর ৬০ শতাংশ জমি ক্রয়সূত্রে দীর্ঘদিন ধরে ভোগ-দখলে আসছেন আফরোজা বেগম। গত ২২ জুলাই বুধবার দুপুরে উপজেলা কৃষকলীগের সভাপতি মাহাবুরের নেতৃত্বে ২০ থেকে ৩০ জন লোক নিয়ে এসে ওই জমিতে জোরপূর্বক আমনধানের চারা রোপণ করেন। এ ঘটনায় ভুক্তভোগী নারী গতকাল ২৮ জুলাই মঙ্গলবার দুপুরে চিরিরবন্দর থানায় ৮ জনের নাম উল্লেখ করে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
আফরোজা বেগম জানান, উপজেলা কৃষকলীগের সভাপতি মাহাবুরের নেতৃত্বে ২০ থেকে ৩০ জন লোক নিয়ে এসে আমার জমিতে জোরপূর্বক আমন ধানের চারা রোপণ করেন। এ সময় বাঁধা দিতে গেলে তারা আমাকেসহ আমার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি প্রদান করেন। তারা আমার জমি জোরপূর্বক দখলের পায়তারা করে আসছিল। তিনি আরও জানান, বিগত ২০২১ সালে বিজ্ঞ আদালতে একটি জিআর মামলাও দায়ের করি। মামলার পর বিবাদীরা আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। আওয়ামী লীগের আমলে বিভিন্ন সময় আমাকে ও আমার পরিবারের উপর অনেক অত্যাচার করেছে।
অভিযোগের বিষয়ে উপজেলা কৃষকলীগের সভাপতি মাহাবুর রহমানকে কয়েকবার মুঠোফোনে কল দিলেও তিনি ফোন রিসিভ করেননি।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদুন-নবী বলেন, এ ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সিনিয়র করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 






















