গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা থেকে অস্টম শ্রেণির এক স্কুলছাত্রী অপহরণের অভিযোগ উঠেছে। এ ঘটনার মামলার প্রধান আসামি মেহেদুল ইসলামকে (১৯) গ্রেফতারসহ এ ছাত্রীকে উদ্ধার করেছে র্যাব।
রোববার (২ আগস্ট) র্যাব-১৩ ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেফতার আসামি মেহেদুল ইসলাম গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় গ্রামের শহিদুল ইসলামের ছেলে। উদ্ধার হওয়া ছাত্রী সাদুল্লাপুর উপজেলার বাসিন্দা।
জানা যায়, ছাত্রীটি আরবি পড়ার জন্য একটি মাদরাসায় যাতায়াত করতেন। এরই সুযোগে মেহেদুল ইসলাম তাকে প্রেম প্রস্তাব দেন। এ প্রস্তাবে রাজী না হওয়ায় গত ৬ জুন সকালের দিকে ওই ছাত্রী মাদরাসা থেকে বাড়ি ফেরার সময় মেহেদুল ইসলাম অন্যান্যদের সহায়তায় অপহরণ করে সিএনজি যোগে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এ ঘটনায় মামলা হলে আসামিরা গ্রেফতার এড়াতে আত্মগোপনে চলে যায়।
এদিকে ওই ঘটনার গুরুত্ব বিবেচনায় অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার এবং জড়িত আসামিদের গ্রেফতারের লক্ষ্যে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র্যাব গোয়েন্দা তৎপরতা শুরু করে। এরই ধারাবাহিকতায় ১ আগস্ট রাতে র্যাব-১৩, গাইবান্ধা এবং র্যাব-১১, নারায়নগঞ্জ এর যৌথ অভিযান পরিচালনা করা হয়। এসময় নারায়নগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন ভোলাইল মরাখালপাড় আল মদিনা মসজিদ এলাকা থেকে আসামি মেহেদুল ইসলামকে গ্রেফতারসহ অপহৃত স্কুলছাত্রীকেও উদ্ধার করা হয়।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলন, পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য ছাত্রী ও আসামিকে সাদুল্লাপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।
স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 














